২০২৭ সাল থেকে কর জমার নিয়মে পরিবর্তন, ব্রিটেনে বার্ষিক আয় ৫০ হাজার পাউন্ড পেরোলেই নতুন নিয়মে দিতে হবে ট্যাক্স
- প্রকাশঃ ১৩ নভেম্বর ২০২৬, ১৫:১৩
- / 20
লন্ডন, ১৩ নভেম্বর (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যে বছরে ৫০ হাজার পাউন্ডের বেশি আয় করা লাখ লাখ নাগরিককে করসংক্রান্ত জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির রাজস্ব ও শুল্ক বিভাগ এইচএমআরসি। ডিজিটাল করব্যবস্থা ‘মেকিং ট্যাক্স ডিজিটাল’-এর আওতায় দ্বিতীয় ত্রৈমাসিকের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা গত ৭ নভেম্বর শেষ হয়েছে। নির্ধারিত সময়ে তথ্য জমা দিতে না পারা করদাতাদের দ্রুত অনলাইনে হিসাব পাঠানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
২০২৪-২৫ করবর্ষে একক ব্যবসা পরিচালনা ও বাড়ি ভাড়া থেকে যাদের সম্মিলিত আয় ৫০ হাজার পাউন্ডের বেশি ছিল, তাদের জন্য চলতি বছরের এপ্রিল থেকে নতুন ডিজিটাল নিয়ম কার্যকর হয়েছে। এই ব্যবস্থায় স্ব-কর্মসংস্থান এবং সম্পত্তি ভাড়া থেকে আয় করা ব্যক্তিদের নির্দিষ্ট সময় পরপর অনলাইনে আয়-ব্যয়ের তথ্য জমা দিতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এইচএমআরসি জানিয়েছে, নির্ধারিত আয়সীমার ওপরে থাকা করদাতাদের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসাব দ্রুত জমা দিতে হবে। ডিজিটাল পদ্ধতিতে করসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও জমা দেওয়ার এই ব্যবস্থার মাধ্যমে করদাতাদের নিয়মিত আর্থিক তথ্য হালনাগাদ রাখার বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
পরবর্তী সময়সূচি অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষের সাধারণ স্বনির্ধারিত কর বিবরণী জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ জানুয়ারি। একই করবর্ষের তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকের হিসাব জমা দেওয়ার শেষ তারিখ যথাক্রমে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি ও ৭ মে।
নতুন পদ্ধতির সঙ্গে করদাতাদের মানিয়ে নেওয়ার সুযোগ দিতে ২০২৬-২৭ করবর্ষে ত্রৈমাসিক হিসাব জমায় দেরি হলে জরিমানা করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ সুবিধা সব ধরনের করসংক্রান্ত বাধ্যবাধকতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যথাযথ আর্থিক নথিপত্র সংরক্ষণে ব্যর্থ হলে কিংবা বার্ষিক কর বিবরণী জমা ও কর পরিশোধে বিলম্ব হলে প্রচলিত নিয়মে জরিমানা দিতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালে মূল্য সংযোজন কর নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রথম ডিজিটাল করব্যবস্থা চালু করা হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও বেশি করদাতাকে এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
চার্টার্ড ইনস্টিটিউট অব ট্যাক্সেশন জানিয়েছে, আগামী তিন বছরে তিনটি ধাপে এই ডিজিটাল করব্যবস্থা সম্প্রসারণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষে ৩০ হাজার পাউন্ডের বেশি আয় করা ব্যক্তিদের ২০২৭ সালের ৬ এপ্রিল থেকে নতুন ব্যবস্থায় যুক্ত হতে হবে।
এর পরের ধাপে যাদের বার্ষিক আয় ২০ হাজার পাউন্ডের বেশি, তাদের জন্য ২০২৮ সালের ৬ এপ্রিল থেকে ডিজিটাল পদ্ধতিতে করসংক্রান্ত হিসাব সংরক্ষণ ও জমা দেওয়া বাধ্যতামূলক হবে।




























