ছবি: সংগৃহীত
বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২০২৫ সাল। আর ক’টি ঘণ্টা পরেই শুরু হবে নতুন বছর ২০২৬। তবে বিদায়ী এই বছরটি জাতির স্মৃতিতে থেকে যাবে গভীর শোক ও বেদনার এক দীর্ঘ অধ্যায় হিসেবে। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সংগীত, সাহিত্য ও সমাজের নানা অঙ্গনে যাঁরা আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছেন, ২০২৫ সালে তাঁদের অনেককেই হারিয়েছে দেশ। নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রেখে তাঁরা চলে গেছেন না–ফেরার দেশে।
বছরের শেষটাই যেন সবচেয়ে ভারী শোকের হয়ে ওঠে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বছরের একেবারে শেষ প্রান্তে তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান টানার পাশাপাশি জাতিকে নিমজ্জিত করেছে গভীর শোকের আবহে।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে। জানাজা শেষে আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
চলতি মাসেই আরেকটি মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দেয় দেশকে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এই প্রার্থীকে ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
২০২৫ সালে চিরবিদায় নেওয়া বিশিষ্টজনদের তালিকা আরও দীর্ঘ। বছরের শুরুতেই, ৪ জানুয়ারি, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান ইন্তেকাল করেন। প্রায় তিন সপ্তাহ অসুস্থ থাকার পর ৫৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পরদিন ৫ জানুয়ারি, ৮১ বছর বয়সে না–ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র, যিনি দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
১৩ মার্চ রাতে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত জটিলতায় তিনি কয়েক দিন লাইফ সাপোর্টে ছিলেন। ২৫ মার্চ জাতি হারায় ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, রবীন্দ্রগবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুনকে। ৯২ বছর বয়সে স্কয়ার হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: সংগৃহীত
৭ সেপ্টেম্বর লেখক, গবেষক ও বামপন্থী চিন্তাবিদ বদরুদ্দীন উমর রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ১৩ সেপ্টেম্বর সংগীতাঙ্গনে নেমে আসে গভীর শোক—কিডনি জটিলতায় ভুগতে থাকা লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেন। প্রায় ৫৫ বছরের সংগীতজীবন রেখে তিনি চলে যান চিরবিদায়ে।

গবেষক ও বামপন্থী চিন্তাবিদ বদরুদ্দীন উমর। ছবি: সংগৃহীত
১০ অক্টোবর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। তাঁর মৃত্যুতে সাহিত্য ও শিক্ষাঙ্গনে তৈরি হয় অপূরণীয় শূন্যতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত
২০২৫ সাল তাই কেবল একটি ক্যালেন্ডারের বছর নয়—এটি স্মৃতি, শোক ও বিদায়ের এক দীর্ঘ অধ্যায়। নতুন বছর আসছে নতুন প্রত্যাশা নিয়ে; তবে বিদায়ী বছরে হারিয়ে যাওয়া এই মানুষগুলো তাঁদের কাজ, চিন্তা ও অবদানের মধ্য দিয়েই থেকে যাবেন জাতির স্মৃতিতে, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।




















