বরিশালে ভোটের মাঠে ইসলামপন্থী প্রার্থীর শক্ত উপস্থিতি, সংখ্যানুসারে প্রতি তিন প্রার্থীর একজন
- প্রকাশঃ ০৫:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 26
বরিশালের নির্বাচনী মাঠ এবার আলাদা চিত্র তুলে ধরেছে। বরিশাল বিভাগে ২১টি সংসদীয় আসনে মোট ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪৯ জন প্রার্থী ইসলামপন্থী দলের এবং এটি মোট প্রার্থীর প্রায় ৩৭.৪ শতাংশ। অর্থাৎ প্রতি তিন প্রার্থীর একজনের বেশি ইসলামী ঘরানার দল থেকে।
সংখ্যায় সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে জামায়াতে ইসলামী (১৯ জন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (১৮ জন) থেকে। এছাড়া খেলাফত আন্দোলন ও চারটি ছোট ইসলামপন্থী দল মিলিয়ে ১২ জন প্রার্থী মাঠে রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই অনুপাতই দেখাচ্ছে বরিশালের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলো আর প্রান্তিক নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইসলামী দলের এই দৃশ্যমান উপস্থিতি মূলত ক্ষমতার শূন্যতা পূরণের চেষ্টা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেখানে ইসলামী দলগুলো নিজ অবস্থান শক্ত করার সুযোগ পাচ্ছে। তবে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে নীরব প্রতিযোগিতা রয়েছে; অনেক আসনে একই ভোটব্যাংক ভাগাভাগি হবে, ফলে ভোটের ফলাফল অনিশ্চিত।
গ্রামাঞ্চলের ভোটারদের সঙ্গে কথা বলে দেখা গেছে, বহু প্রার্থী স্থানীয় সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্বের ওপর নির্ভর করে ভোটে প্রভাব ফেলছেন। ইসলামী পরিচয়ের পাশাপাশি প্রার্থী নিজে কতটা গ্রহণযোগ্য, সেটিই নির্ধারণ করবে ভোটের চূড়ান্ত ফল।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তাই ইসলামের পক্ষের সব ভোট এক বাক্সে দিতে হবে। এজন্য জোটের মাধ্যমে প্রার্থী দিয়েছি। এক বাক্সে ভোট গেলে জয় নিশ্চিত।
বিস্তারিত পরিসংখ্যান বলছে, বরিশালের নির্বাচনী রাজনীতিতে ইসলামপন্থী দলগুলো এখন দৃশ্যমান শক্তি। তবে ভোটে তা কিভাবে রূপ নেবে, সেটি নির্ভর করছে জোট, ভোটার আচরণ ও নির্বাচনী কৌশলের ওপর।






























