নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ রোববার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার টি.বি. স্কুলের মাঠে। ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।’
রোববার বিকেল সাড়ে চারটার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার টি.বি. স্কুল মাঠে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, ‘যখন আমরা ইসলামের পক্ষে একটি বাক্স ঘোষণা করেছিলাম, তখন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে সেই সময়ের জন্য অপেক্ষা করছিল। কিন্তু দুঃখজনকভাবে ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করেছে। এখন তারা বলছে, শরিয়াহ বাস্তবায়ন করবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। বাহিরটা যত সুন্দর দেখায়, ভেতরটা ততটাই মাকাল ফলের মতো।’
দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘যখন এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে সেই দুর্নীতিবাজদের অংশীদার ছিল একটি দল। এই দায় কোনোভাবেই এড়ানো যাবে না। গত ৫৪ বছরে আমরা বহু সরকার পরিবর্তন দেখেছি। কিন্তু জনগণ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছে, তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। প্রকৃত পরিবর্তনের একমাত্র নীতি ও আদর্শ হলো ইসলাম।’
বক্তব্যের শেষে তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম এবং সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ ছাড়া একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভা এবং সন্ধ্যার পর ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন মুফতি রেজাউল করীম।


















