বানারীপাড়ায় চার দশকের সম্পর্ক ছিন্ন করে বিএনপি ছেড়ে ৩ শতাধিক অনুসারীসহ জামায়াতে যোগ দিলেন মাহবুব মাস্টার
- প্রকাশঃ ০৮:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 25
বরিশালের বানারীপাড়া উপজেলা রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় চার দশকের রাজনৈতিক জীবনের ইতি টেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন প্রভাবশালী নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার। তিনি প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থকসহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের নির্বাচনী উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাহবুব মাস্টার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার তিনি বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্র প্রকাশ করলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে রাজনীতি করেছেন। তবে দলের ভেতরে কতিপয় দালালের ষড়যন্ত্র এবং ‘শীর্ষ নেতাদের অহংকারের’ কারণে তিনি নিজেকে ক্রমেই কোণঠাসা অনুভব করছিলেন বলে অভিযোগ করেন।
জামায়াতে যোগদানের পর এক সংবাদ সম্মেলনে মাহবুব মাস্টার বিএনপির বর্তমান নেতৃত্বের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল কার্যত নেতৃত্বশূন্য হয়ে গেছে। বর্তমানে দলে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি দলটির আদর্শ, শৃঙ্খলা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি নতুন রাজনৈতিক জীবনে ন্যায় ও সত্যের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মাস্টার যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ এখন ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রত্যাশা করছে। বিভিন্ন দল থেকে যোগ্য নেতাদের জামায়াতে যোগদান আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
মাহবুব মাস্টারের দলত্যাগে বানারীপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভাঙন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।






























