পটুয়াখালীতে চাঁদার অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
- প্রকাশঃ ১২:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদার দাবিতে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান গতকাল সোমবার এ নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, চাঁদার দাবিতে মারধরের অভিযোগ দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর তা সংগঠনের দৃষ্টিগোচর হয়। নোটিশে অভিযুক্ত নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মির্জাগঞ্জের সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাস (৫০) অভিযোগ করেন, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন মো. জয়নাল আবেদীন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কলেজপড়ুয়া ছেলে ঋত্বিক দাসকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে হয়রানি করা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


















