দাউদকান্দিতে তিন যানবাহনের সংঘর্ষের পর অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু
- প্রকাশঃ ০৩:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 26
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (আজ) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন বাসের যাত্রী এবং একজন মোটরসাইকেলচালক। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় বাসটিতে আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দাউদকান্দি ইউনিট, হাইওয়ে পুলিশ এবং কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে দুপুর দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।






























