শাহবাগ অবরোধে টানা তৃতীয় দিন, চার দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
- প্রকাশঃ ১২:৫১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 46
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড় টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেন নেতাকর্মীরা।
দিনভর বিক্ষোভ কর্মসূচি চলার পর রাতে চার দফা দাবি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
২. বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিল করতে হবে।
৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুম ও খুনের সঙ্গে জড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪. আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থাকা যেসব সদস্য বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাকরিচ্যুত করতে হবে।
এদিকে, চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রোববার রাত ১০টায় চলমান অবরোধ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হবে। তবে সোমবার (আগামীকাল) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।






























