খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুলশানে দোয়া মাহফিলে তারেক রহমান
- প্রকাশঃ ০৯:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 38
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)–এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। আসরের নামাজ শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেন।
এর আগে দুপুর থেকেই গুলশান আজাদ মসজিদ ও আশপাশের এলাকায় দোয়া মাহফিলে অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। তার স্মরণে আজ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির, গির্জাসহ নানা ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।






























