বিদেশে পালিয়ে থেকে দেওয়া হুমকির কোনো মূল্য নেই: জাহাঙ্গীর আলম চৌধুরী
- প্রকাশঃ ০৩:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 43
বিদেশে অবস্থান করে দেওয়া হুমকির কোনো বাস্তব বা আইনি গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে হবে। অন্যথায় বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো ভ্যালু নেই।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পুত্রের নির্বাচনকেন্দ্রিক বক্তব্য ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পালিয়ে থাকা ব্যক্তিরা নানা কথা বলতেই পারেন। তবে আইনের আওতায় এসে কথা বললেই কেবল তার গ্রহণযোগ্যতা থাকে।”
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। “নির্বাচনের সময় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সবার সহযোগিতা পেলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে,” বলেন তিনি।
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় নানা জটিলতা তৈরি হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর অনুপস্থিতির কারণে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।
তিনি আরও জানান, আরাকান আর্মিকে কোনোভাবেই বৈধতা দেওয়া হয়নি। তাদের কর্মকাণ্ডের কারণেই সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি এক শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাসহ মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ চলাকালে গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়ার ঘটনায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
সীমান্ত সিল করার বিষয়ে তিনি বলেন, সীমান্তে সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে পালিয়ে থাকা সাবেক সরকারের অনুসারী রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এমন কারও অস্তিত্ব নেই।
বিজিবির সাম্প্রতিক রিক্রুটমেন্ট প্রসঙ্গে তিনি জানান, এবারে রেকর্ডসংখ্যক ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বিজিবির ইতিহাসে সর্বোচ্চ। এই নতুন সদস্যরা শিগগিরই বিভিন্ন ইউনিটে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি বলেন, এই বড় পরিসরের রিক্রুটমেন্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।





























