জানাজার আগে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান
- প্রকাশঃ ০৩:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 86
বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে জানাজা শুরুর আগে তিনি এই আহ্বান জানান।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে আসা বিপুলসংখ্যক মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন উনাকে (খালেদা জিয়া) বেহেশত নসিব করেন।
এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। তিনি জানান, এ ধরনের যেকোনো দেনা পরিশোধের ব্যবস্থা তিনি নিজেই করবেন।
তারেক রহমান বলেন, আমার মায়ের জীবদ্দশায় তাঁর কোনো কথায় বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
বিকেল ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং শেষ হয় ৩টা ৫ মিনিটে। জানাজা পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে জানাজা কার্যক্রমের সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম, সাফল্য এবং নানা নিগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান নিয়ে খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি রেখে গেছেন একটি অনন্য দৃষ্টান্ত।
খালেদা জিয়াকে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।




















