শহীদ ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে অবরোধ
- প্রকাশঃ ০৪:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 37
ছবি: সংগৃহীত
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধে অংশ নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী-জনতা। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়।
শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা এবং খুনিদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

অবরোধ চলাকালে নেতাকর্মীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে; লীগ ধর, জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে এবং প্রয়োজনে রাত্রিযাপনও করা হবে।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার পর রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।





























