নিষেধাজ্ঞা ও রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে আতশবাজির ঝলকানিতে স্বাগত ২০২৬
- প্রকাশঃ ০২:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 48
রাষ্ট্র সংস্কারের নানা চেষ্টা, মব সন্ত্রাস, প্রাণঘাতী ভূমিকম্প, তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুসহ ঘটনাবহুল সময় পেরিয়ে আরেকটি নতুন বছরে প্রবেশ করল দেশ। খ্রিষ্টীয় ২০২৬ সালকে স্বাগত জানাতে বুধবার রাত ১২টা বাজতে না বাজতেই ঢাকার আকাশে দেখা যায় রঙিন আলোর ঝলকানি।
এবার নতুন বছর শুরু হলো এমন এক সময়ে, যখন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকের এ সময়ে নতুন বছর উদ্যাপন ঘিরে আগেই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন না করার নির্দেশনাও দেওয়া হয়।
তবে শোকের আবহ ও এসব নিষেধাজ্ঞার মধ্যেও বুধবার রাতের ঢাকার বিভিন্ন এলাকায় আকাশে দেখা যায় আতশবাজির আলো, ফানুস ও গ্যাস বেলুন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এদিকে ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল বাড়তি নিরাপত্তাব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে বসানো হয় কড়াকড়ি চেকপোস্ট। বুধবার রাত থেকে বাইরের কোনো ব্যক্তি বা যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় শোক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন বছর উদ্যাপনের এই চিত্র নিয়ে নাগরিকদের মধ্যে আলোচনার পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা কার্যকরের বিষয়টি নতুন করে সামনে এসেছে।



























