বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ, খালেদা জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত
- প্রকাশঃ ০৩:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 87
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।
এদিকে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একই দিন বেলা ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
খালেদা জিয়ার মনোনয়নপত্র প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুজনিত কারণে দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে সব ধরনের নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো।”
দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন খালেদা জিয়া। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হলেও শপথ না নেওয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ জয়ী হন। পরবর্তীতে তিনি দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয় পান। চলতি নির্বাচনে এ আসনে বিএনপি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করেছে।
অন্যদিকে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি অবস্থিত। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর স্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া-৭ আসনে প্রার্থী হয়ে জয়ী হন। তবে পরবর্তীতে প্রতিবারই তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এসব উপনির্বাচনের মধ্যে তিনটিতে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ নির্বাচিত হন।
চলতি নির্বাচনে বগুড়া-৭ আসনে দলের সিদ্ধান্ত অনুযায়ী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।




















