ইইউ ও ছয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
- প্রকাশঃ ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 21
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালি রাষ্ট্রদূতরা। সাক্ষাতের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার পর বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। পরে বিকেল ৫টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এভাবে আজ বিএনপির চেয়ারম্যানের সঙ্গে তিনটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।





























