সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় রাজধানী ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনকালে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো এবং জনদূর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি নগরবাসীর প্রতি রাষ্ট্রীয় শোক যথাযথভাবে পালনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে। শোককালীন সময়ে নির্ধারিত নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।