বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার
- প্রকাশঃ ১০:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 81
গৌরীপুর রেলওয়ে জংশনে বিজয় এক্সপ্রেসের পাওয়ার কার থেকে লাশ উদ্ধার | ছবি: প্রজন্ম কথা
জামালপুরগামী বিজয় এক্সপ্রেস আন্তনগর ট্রেন থেকে রবিবার (১২ অক্টোবর) বিকেলে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে গৌরীপুর রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশ।
স্টেশনে প্রবেশের পর ‘পাওয়ার কার’ কক্ষ থেকে মরদেহটি পাওয়া যায়। নিহতের নাম হাজী রহমান (৬৫)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেদনী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
গৌরীপুর রেলওয়ে জংশন সূত্র জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে বিকেল ৪টা ৪৫ মিনিটে স্টেশনে প্রবেশ করলে পাওয়ার কার থেকে রক্ত পড়তে দেখা যায়। পরে স্টেশন মাস্টার ও ফাঁড়ি পুলিশ মরদেহটি দেখতে পান। মৃতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, তার বাবা এক সপ্তাহ আগে কুমিল্লায় বোনের বাড়ি বেড়াতে যান। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তিনি আজ কুমিল্লা থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টা পর্যন্ত তার সঙ্গে মোবাইলফোনে শেষ কথা হয়। এরপর বহুবার কল দেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গৌরীপুর স্টেশনে ট্রেন পৌঁছালে প্রশাসনের লোকজন তার মৃত্যুর সংবাদ দেন।
গৌরীপুর রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, ‘পাওয়ার কার’ থেকে রক্ত পড়তে দেখে ভেতরে গিয়ে মরদেহটি পাওয়া যায়। জানালায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তিনি।
ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোরশেদ আলী বলেন, ধারণা করা হচ্ছে, পাওয়ার কারে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মরদেহটি ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সেখানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






























