আন্তর্জাতিক শিক্ষার্থী কমায় যুক্তরাজ্যের অর্থনীতিতে ২.৯ বিলিয়ন পাউন্ড ক্ষতির আশঙ্কা
- প্রকাশঃ ১৩ জুলাই ২০২৬, ০৯:০৯
- / 12
আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় যুক্তরাজ্যের অর্থনীতি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। উচ্চশিক্ষা নীতি ইনস্টিটিউট (HEPI) এবং ক্যাপলান ইন্টারন্যাশনাল পাথওয়েজের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২/২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসংখ্যা ২০২৪/২৫ সালেও বজায় থাকলে দেশের অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড যুক্ত হতো। এ অর্থ প্রায় ২৩ হাজার পূর্ণকালীন কর্মসংস্থানের সমতুল্য। সূত্র: নিউজ ইউকে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪/২৫ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শুরু করা ৪ লাখ ৪ হাজার ৫০০ আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের অধ্যয়নকালজুড়ে প্রায় ৪৫ দশমিক ১ বিলিয়ন পাউন্ড অর্থনৈতিক সুবিধা সৃষ্টি করবেন।
সরকারি ব্যয় বাদ দিলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিট অর্থনৈতিক অবদান দাঁড়ায় প্রায় ৪০ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড। অর্থাৎ প্রতি ১০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী গড়ে প্রায় ১০ লাখ পাউন্ড নিট অর্থনৈতিক সুবিধা যুক্তরাজ্যের অর্থনীতিতে যোগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
স্বপ্নের আমেরিকা: লোভ, ভোগবিলাসিতা নাকি পারিবারিক দায়বদ্ধতার সংকট?
গবেষণায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কয়েকটি নীতিগত পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ভরশীল পরিবারের সদস্যদের সঙ্গে আনার ওপর বিধিনিষেধ, স্নাতকোত্তর ভিসার মেয়াদ কমানোর পরিকল্পনা এবং বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি থেকে অর্জিত আয়ের ওপর সম্ভাব্য অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে বৈশ্বিক প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্যকে তার দীর্ঘদিনের শিক্ষা খাতের সুনাম ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থী-বান্ধব ও স্থিতিশীল নীতিগত পরিবেশ নিশ্চিত করতে হবে।
তারা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আরও কমে গেলে এর অর্থনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদে আরও বিস্তৃত হতে পারে। তাই এ বিষয়ে নীতিনির্ধারকদের সুস্পষ্ট ও প্রমাণভিত্তিক আলোচনা প্রয়োজন।
























