বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
রাকিবুল হাসান মুন্না । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 113
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী শিপন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে বগুড়ার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, বাড়িতে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে শিপনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। সহপাঠীরা জানান, শিপন ছিলেন শান্ত, বিনয়ী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। তার অকালে মৃত্যু বিভাগজুড়ে শোকের আবহ তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও শিপনের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সহপাঠী ও পরিচিতজনরা শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।























