ফাঁস হওয়া নথিতে এপস্টিন–অনিল আম্বানির ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য
- প্রকাশঃ ০৩:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 42
জেফরি এপস্টিন ও অনিল আম্বানি। ফাইল ছবি: রয়টার্স
প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রভাববলয় যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল—নতুন করে ফাঁস হওয়া মার্কিন বিচার বিভাগের নথিতে এমন তথ্য উঠে এসেছে। নথিতে দেখা যায়, ভারতের শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত এপস্টিন ও অনিল আম্বানির মধ্যে আদান–প্রদান হওয়া একাধিক বার্তায় ব্যবসা, বৈশ্বিক পরিস্থিতি, নারী এবং সরাসরি সাক্ষাতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
২০১৭ সালের মার্চে পাঠানো এক বার্তায় অনিল আম্বানি এপস্টিনকে প্রশ্ন করেন, ‘তুমি কার কথা বলছ?’ জবাবে এপস্টিন লেখেন, একজন দীর্ঘাঙ্গী সুইডিশ স্বর্ণকেশী নারী, যেন সফরটা আনন্দময় হয়।’ এর পর আম্বানি উত্তরে লেখেন, ‘ওটার ব্যবস্থা করো।
ফাঁস হওয়া নথিতে প্যারিসে সাক্ষাতের পরিকল্পনার পাশাপাশি ২০১৮ সালে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আলোচনার তথ্য পাওয়া যায়।
২০১৯ সালের মে মাসে অনিল আম্বানি নিউইয়র্ক সফরের পরিকল্পনা করলে এপস্টিন তাঁকে ম্যানহাটনে নিজের বাসায় আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি লেখেন, তুমি যদি কারও সঙ্গে একান্তে দেখা করতে চাও, আমাকে জানিও।
বার্তাগুলোতে দেখা যায়, এপস্টিন আম্বানি পরিবারের ব্যবসায়িক ইতিহাস নিয়েও আগ্রহ দেখান। তিনি এ উদ্দেশ্যে আম্বানি অ্যান্ড সন্স এবং স্টর্মস ইন দ্য সি উইন্ড: আম্বানি ভার্সেস আম্বানি বই সংগ্রহ করেছিলেন।
হলিউডে আম্বানির যোগাযোগ নিয়েও এপস্টিন কৌতূহল প্রকাশ করেন। এক কথোপকথনে তিনি জানতে চান, আম্বানির রুচির প্রতিনিধিত্ব করে এমন কোনো অভিনেত্রী বা মডেল আছেন কি না। জবাবে অনিল আম্বানি জানান, তাঁদের পরবর্তী সিনেমায় স্কারলেট জোহানসন অভিনয় করবেন। এর উত্তরে এপস্টিন লেখেন, তিনি তরুণ স্বর্ণকেশী নারীদের প্রতি আম্বানির আগ্রহে সন্তুষ্ট।
উল্লেখ্য, রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সহপ্রযোজনায় নির্মিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ সিনেমায় স্কারলেট জোহানসন অভিনয় করেছিলেন।
বার্তাগুলো থেকে ধারণা করা হচ্ছে, এপস্টিন তাঁর বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইতেন। এ লক্ষ্যে তিনি আম্বানি পরিবারের সঙ্গেও সম্পর্ক গভীর করার চেষ্টা করেন।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে অনিল আম্বানি সম্পর্কে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গুরু দীপক চোপড়া এপস্টিনকে বলেন, তিনি অত্যন্ত ধনী, পরিচিতি–সচেতন এবং দুই ভাই অনিল ও মুকেশ আম্বানির সম্পর্ক ভালো নয়।
এপস্টিন টম প্রিটজকার ও পিটার থিয়েলের মতো ধনকুবেরদের কাছ থেকেও পরামর্শ নেন, যাতে আম্বানি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা যায়।
২০১৯ সালের মে মাসে নিউইয়র্কে সাক্ষাতের পর এপস্টিন অনিল আম্বানিকে একটি বার্তায় লেখেন, আজকের দিনটা দারুণ ছিল, তোমার সঙ্গে দেখা করে ভালো লাগল।
বর্তমানে ৬৬ বছর বয়সী অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। তাঁর ভাই মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণে আছেন এবং এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে দুই ভাইয়ের আর্থিক অবস্থানের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। অনিল আম্বানি বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ভারতে ঋণ জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে।













