পরীক্ষার্থীদের সুবিধার্থে তুরস্কে বিশ্বকাপ ম্যাচের বড় পর্দায় প্রদর্শন বন্ধ
- প্রকাশঃ ০৪:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 4
তুরস্কে বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচ বড় পর্দায় জনসমক্ষে প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রদেশের গভর্নরদের নির্দেশ দিয়েছে, যেন তুরস্কের বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে কোথাও পাবলিক স্ক্রিন বসানোর অনুমতি না দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, শব্দদূষণ ও যানজট নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ ব্যাহত না হয়।
তুরস্কে এই পরীক্ষা ওয়াইকেএস নামে পরিচিত। দেশজুড়ে প্রতি বছর কয়েক লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য এই পরীক্ষায় অংশ নেয়। শনিবার ও রোববার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক। ম্যাচটি কেন্দ্র করে বিভিন্ন শহরে বড় পর্দায় প্রদর্শনের পরিকল্পনা থাকলেও মন্ত্রণালয়ের নির্দেশনার পর তা বাতিল করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতে শব্দ ও যানজটজনিত সমস্যা এড়ানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
৮ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ তুরস্কে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। ২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে দেশটি। গ্রুপ ‘ডি’-তে তুরস্ক নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়। একই গ্রুপে যুক্তরাষ্ট্রও রয়েছে।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্কের ম্যাচটি ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে বড় পর্দায় দেখানো হয়েছিল, যেখানে পার্ক ও জনসমাগমস্থলে দর্শকদের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটারেও বিপুলসংখ্যক সমর্থক ম্যাচ উপভোগ করেন।








