চীনে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
- প্রকাশঃ ২১ অগাস্ট ২০২৬, ১০:৪১
- / 8
বেইজিং, ২১ আগস্ট, (প্রজন্ম কথা) – চীনের বেইজিংয়ে অবস্থিত সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ দিচ্ছে ‘শোয়ার্জম্যান স্কলারস’ প্রোগ্রাম। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।
১৯১১ সালে প্রতিষ্ঠিত সিংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, প্রকৌশল, কলা ও সাহিত্য, সামাজিক বিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির ২০টি স্কুল ও ৫৭টি বিভাগ রয়েছে।
শোয়ার্জম্যান স্কলারস প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণভাবে বহন করা হবে। পাশাপাশি চীন যাওয়া-আসার বিমানভাড়া, থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি, বই কেনার ভাতা, স্বাস্থ্যবিমা এবং ভ্রমণ ভাতা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের ১ আগস্ট আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম হতে হবে। অর্থাৎ ওই তারিখের মধ্যে আবেদনকারীর ২৯ বছর পূর্ণ হওয়া যাবে না।
প্রার্থীর নেতৃত্বের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আবেদনের সঙ্গে নির্ধারিত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার স্কোর জমা দিতে হবে। টোফেল আইবিটির ক্ষেত্রে ন্যূনতম ১০০, আইইএলটিএসে ৭ এবং কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স বা সি১ এবং কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি বা সি২ পরীক্ষায় ন্যূনতম ১৮৫ স্কোর প্রয়োজন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আবেদনকারীদের জীবনবৃত্তান্ত (সিভি), অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং তিনটি রেফারেন্স লেটার জমা দিতে হবে। এর পাশাপাশি আইইএলটিএস বা গ্রহণযোগ্য ইংরেজি ভাষা পরীক্ষার স্কোর, স্টেটমেন্ট অব পারপাস এবং লিডারশিপ পারপাস প্রবন্ধ দিতে হবে। প্রাসঙ্গিক অন্যান্য কাগজপত্র থাকলে সেগুলোও আবেদনের সঙ্গে যুক্ত করা যাবে।
আবেদন করতে এবং যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে শোয়ার্জম্যান স্কলারসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬

























