ফ্লোরিডায় প্রথম বাড়ি কিনলে মিলতে পারে ১ লাখ ডলার পর্যন্ত সহায়তা, কারা পাবেন
- প্রকাশঃ ১৮ অক্টোবর ২০২৬, ১৯:০২
- / 5
টাম্পা, (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। নগর কর্তৃপক্ষের দুটি পৃথক কর্মসূচির আওতায় যোগ্য ক্রেতারা এই সহায়তা পেতে পারেন। তবে অর্থের পরিমাণ নির্ভর করবে আবেদনকারীর পারিবারিক আয়, বাড়ির অবস্থান এবং কর্মসূচির নির্ধারিত শর্ত পূরণের ওপর।
টাম্পা নগর কর্তৃপক্ষের কর্মসূচি দুটি হলো ‘ডেয়ার টু ওন দ্য ড্রিম’ এবং ‘কমিউনিটি রিডেভেলপমেন্ট এরিয়া’ (সিআরএ) ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি। প্রথমটির আওতায় যোগ্য ক্রেতারা সর্বোচ্চ ৫০ হাজার ডলার পেতে পারেন। অন্যদিকে, নির্ধারিত পুনর্গঠন এলাকার মধ্যে বাড়ি কিনলে সিআরএ কর্মসূচির আওতায় আরও সর্বোচ্চ ৫০ হাজার ডলার পাওয়ার সুযোগ রয়েছে। উভয় কর্মসূচির শর্ত পূরণ করতে পারলে মোট সহায়তার পরিমাণ ১ লাখ ডলার পর্যন্ত হতে পারে। ২০২৬ সালের জুনে প্রকাশিত নগর কর্তৃপক্ষের এক প্রতিবেদনে এমন একজন ক্রেতার অভিজ্ঞতা তুলে ধরা হয়, যিনি দুটি কর্মসূচির সহায়তা মিলিয়ে মোট ১ লাখ ডলার পেয়েছেন।
‘ডেয়ার টু ওন দ্য ড্রিম’ কর্মসূচির আওতায় সহায়তা পেতে বাড়িটি টাম্পা নগরসীমার মধ্যে অবস্থিত হতে হবে। পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে এবং বাড়ির ক্রয়মূল্য ৪ লাখ ৫০ হাজার ডলারের বেশি হওয়া যাবে না। এ ছাড়া অনুমোদিত আবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া শুরু করতে হবে। বাড়ি কেনার চুক্তি করার আগেই কর্মসূচির নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
অন্যদিকে, সিআরএ কর্মসূচির জন্য বাড়িটি টাম্পার নির্ধারিত কমিউনিটি পুনর্গঠন এলাকার সীমানার মধ্যে থাকতে হবে। শুধু কোনো নির্দিষ্ট ডাক-সংকেত বা জিপ কোডের আওতায় পড়লেই যোগ্যতা নিশ্চিত হয় না। বাড়িটির সঠিক অবস্থান সংশ্লিষ্ট এলাকার মধ্যে কি না, তা যাচাই করতে হবে। এ ক্ষেত্রেও পারিবারিক আয়, ক্রেতার যোগ্যতা, নিজস্ব অর্থ বিনিয়োগ এবং অনুমোদিত ঋণের ধরনসহ বিভিন্ন শর্ত প্রযোজ্য।
নগর কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত এলাকার মধ্যম পারিবারিক আয়ের তুলনায় আবেদনকারীর আয়ের স্তর বিবেচনা করে সিআরএ কর্মসূচিতে সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়। আয় মধ্যম পারিবারিক আয়ের ৫০.০১ থেকে ৮০ শতাংশের মধ্যে হলে সর্বোচ্চ ৫০ হাজার ডলার, ৮০.০১ থেকে ১২০ শতাংশের মধ্যে হলে সর্বোচ্চ ৪০ হাজার ডলার এবং ১২০.০১ থেকে ১৪০ শতাংশের মধ্যে হলে সর্বোচ্চ ৩০ হাজার ডলার সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। তবে এসব আয়সীমা পূরণ করলেই সহায়তা নিশ্চিত নয়। অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।
এই অর্থকে সরাসরি নগদ অনুদান হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। সাধারণত শূন্য সুদের বিলম্বিত পরিশোধযোগ্য ঋণের মাধ্যমে সহায়তা দেওয়া হয়। নির্ধারিত শর্ত মেনে বাড়িটিকে নিজের প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করলে ২০ বছর পর ঋণ মওকুফের সুযোগ থাকতে পারে। তবে বাড়ি বিক্রি, মালিকানা পরিবর্তন কিংবা বসবাসের শর্ত ভঙ্গ করলে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে। তাই আবেদন করার আগে ঋণচুক্তি, পরিশোধের নিয়ম এবং ঋণ মওকুফের শর্ত ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।
প্রথমবার বাড়ি কিনতে গিয়ে যাঁরা ডাউন পেমেন্ট বা প্রাথমিক অর্থের জোগান দিতে সমস্যায় পড়েন, তাঁদের জন্য টাম্পার এই কর্মসূচি সহায়ক হতে পারে। তবে সহায়তার পরিমাণ, তহবিলের প্রাপ্যতা এবং আবেদনের নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে টাম্পা নগর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ বা অনুমোদিত আবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বর্তমান যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও তহবিলের অবস্থা নিশ্চিত করা উচিত।




























