খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় আছে: আসিফ নজরুল
- প্রকাশঃ ০৩:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 78
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, বেগম জিয়াকে প্রহসনমূলক রায়ে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে, যার ফলে তাঁর মৃত্যু ত্বরান্বিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল, তা যে সম্পূর্ণ সাজানো ও প্রহসনের রায় ছিল, তা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টের রায়েও বারবার বলা হয়েছে, এই সাজা ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং জিঘাংসাপ্রসূত।
তিনি আরও যোগ করেন, জেলখানায় ওনাকে বিভিন্ন সময়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, সেই নিপীড়ন না হলে আমরা হয়তো ওনাকে এভাবে এত দ্রুত হারাতাম না।
ব্যক্তিগত ও আইনি অবস্থান থেকে আসিফ নজরুল সরাসরি সাবেক প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই প্রয়াণের পেছনে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের অবশ্যই দায় রয়েছে। ওনাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
বেগম জিয়ার সুচিকিৎসার বিষয়ে বর্তমান সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, “সবাই লক্ষ্য করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যা করার ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় সে বিষয়ে খোঁজখবর রেখেছেন। ওনার শারীরিক অবস্থা যদি বিদেশে পাঠানোর মতো থাকত, তবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো।”
উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।























