জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউতে প্রস্তুতি
- প্রকাশঃ ১২:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 76
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর আনুমানিক বেলা দুইটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জানাজার আয়োজন থাকবে জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ মাঠ, বাইরের এলাকা এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে।
বাংলাদেশের এই জাতীয় নেত্রীকে সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন-সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে। মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানাজা শেষে আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় তাঁর পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, বিদেশি অতিথি ও কূটনীতিক এবং বিএনপি মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে।
নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণে আগ্রহী নারীদের জন্য বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের সুশৃঙ্খল ও নিরাপদভাবে জানাজায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারী সকলের প্রতি কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জানাজা ও দাফনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।























