ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস টিমের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ছবি: পিআইডি
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই প্রক্রিয়া ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না বলে তারা মনে করছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম বলেন, ‘সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। যদি দেখা যায় তিন দিনের মধ্যে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, তাহলে পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই শেষ হতে পারে। সে ক্ষেত্রে ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতেই দায়িত্ব হস্তান্তর সম্ভব। আমাদের মনে হয় না এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।’
এ সময় প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি আগেই জানানো হয়েছে।
এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ মুহূর্তে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। আমাদের সামনে দুটি বিকল্প রয়েছে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পাঠ করাতে পারেন—যেমন প্রধান বিচারপতি। আর তা না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন। তবে এ ক্ষেত্রে তিন দিন অপেক্ষা করতে হবে। আমরা চাই নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে।
সরকারি সূত্র জানায়, নির্বাচনোত্তর সময়সূচি দ্রুত চূড়ান্ত করে নবনির্বাচিত সরকারের কাছে নির্বিঘ্ন ও সময়োপযোগীভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।