রামগঞ্জে দোকানিকে কুপিয়ে হত্যা
- প্রকাশঃ ০৩:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 111
হত্যা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন একই ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারীবাড়ির বাসিন্দা। নাগমুদ বাজারে তাঁর একটি কনফেকশনারি দোকান ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও দোকানে ছিলেন আনোয়ার। সকাল কিছুটা পর স্থানীয় যুবক মো. ইউসুফ দোকানে ঢুকে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যান ইউসুফ। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত ইউসুফও সাহারপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় দেড় বছর আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন।
নিহত আনোয়ার হোসেনের স্ত্রী জান্নাত আক্তার বলেন, আমার স্বামীকে কেন হত্যা করা হলো, আমরা জানি না। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ইউসুফ পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
























