নির্বাচন ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী: প্রধান উপদেষ্টা
- প্রকাশঃ ০৮:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 25
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পতিত স্বৈরাচারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে, তবে সে ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
রোববার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন যে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোটদানের ব্যাপারে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।
নির্বাচন সংক্রান্ত আলোচনায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিকুল আলম।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
ড. মুহাম্মদ ইউনূসের বরাতে প্রেসসচিব জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্তের জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।
প্রেসসচিব আরও বলেন, প্রধান উপদেষ্টার মতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।





























