আইসিসির কোনো অযৌক্তিক শর্ত বাংলাদেশ মানবে না: উপদেষ্টা আসিফ নজরুল
- প্রকাশঃ ০২:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 21
যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে বাংলাদেশ তা মানবে না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (আজ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করে আমাদের ওপর অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই শর্ত মানব না।”
কিছুদিন ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। এ বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না—এ সিদ্ধান্ত আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) জানাবে আইসিসি। গত শনিবার বিসিবির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসির প্রতিনিধিরা এই সময়সীমার কথা জানিয়েছেন।
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তার পরিবর্তে অন্য কোনো দল, বিশেষ করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো তথ্য তাঁর কাছে নেই বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।
বাংলাদেশের অবস্থান ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার জন্য সম্প্রতি আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ বাংলাদেশে আসেন। একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। ওই বৈঠকে বিসিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকি থাকায় কোনো অবস্থাতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
এ প্রেক্ষাপটে লজিস্টিক জটিলতা কমিয়ে গ্রুপ পরিবর্তনসহ বিকল্প ব্যবস্থার বিষয়েও বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো অযৌক্তিক শর্ত মেনে নেওয়া হবে না।






























