ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী কী করা যাবে, জানাল মার্কিন দূতাবাস
- প্রকাশঃ ১০:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 3
ছবি: সংগৃহীত
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব।
পোস্টে উল্লেখ করা হয়, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশ যাপন, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন সভা বা সম্মেলনে অংশ নিতে পারবেন।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ ও নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। ভিসাধারীরা নির্ধারিত উদ্দেশ্যের আওতায় থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রত্যেক ভিসাধারীর দায়িত্ব। ভ্রমণের উদ্দেশ্য ও ভিসার শর্তের মধ্যে সামঞ্জস্য রাখা প্রয়োজন।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসার নির্ধারিত উদ্দেশ্যের বাইরে কোনো কার্যক্রমে জড়ালে ভবিষ্যতে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এ কারণে ভিসার শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের প্রকাশিত গ্রাফিকসে বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত কার্যক্রমের তালিকাও তুলে ধরা হয়েছে। সেখানে পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, আত্মীয়-স্বজন বা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন কনভেনশন বা সম্মেলনে অংশগ্রহণের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।









