রাজশাহী সফরে গরম কালাই রুটি খেলেন মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ আমের স্বাদে
- প্রকাশঃ ০৪:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 6
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রথমবারের মতো রাজশাহী সফর করেছেন। সফরকালে তিনি স্থানীয় ঐতিহ্যবাহী কালাই রুটি উপভোগ করেন, রাজশাহীর বিখ্যাত আমের বাজার ঘুরে দেখেন এবং জেলার বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করেন।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে একাধিক পোস্টের মাধ্যমে রাষ্ট্রদূতের রাজশাহী সফরের বিভিন্ন তথ্য প্রকাশ করে।
আম নিয়ে দেওয়া এক পোস্টে জানানো হয়, বানেশ্বর বাজার পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজশাহীর আমের স্বাদ উপভোগ করেন। পোস্টে উল্লেখ করা হয়, “বানেশ্বর বাজারে এসে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক সহজ সত্য উপলব্ধি করলেন, রাজশাহীর আমের তুলনা নেই। খুব মজা।”
সফরের অংশ হিসেবে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটিও খেয়েছেন। তাওয়া থেকে নামানো গরম গরম কালাই রুটির স্বাদ গ্রহণ করেন তিনি।
এছাড়া রাষ্ট্রদূত সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শন করেন। এ বিষয়ে মার্কিন দূতাবাসের এক পোস্টে বলা হয়, সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দীর্ঘদিনের সহযোগিতার ঐতিহ্যকে তুলে ধরেন।
রাজশাহীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কেও জানার আগ্রহ দেখান মার্কিন রাষ্ট্রদূত। সফরকালে তিনি বড় শিব মন্দির, গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির পরিদর্শন করেন।
রাজশাহীর আতিথেয়তা ও অভ্যর্থনার প্রশংসা করে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “পদ্মা থেকে পাহাড়পুর, রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছি।”
মার্কিন দূতাবাসের পোস্টগুলোতে রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি এবং স্থানীয় খাদ্যসংস্কৃতির প্রতি রাষ্ট্রদূতের আগ্রহের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।





























