আমেরিকায় গবেষণা ও পাঠদানের সুযোগ, ফুলব্রাইট স্কলারশিপে আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
- প্রকাশঃ ১২ জুলাই ২০২৬, ১৩:০০
- / 6
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম-এর জন্য আবেদন আহ্বান করেছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত বাংলাদেশি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অভিজ্ঞ পেশাজীবীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৬ থেকে ৯ মাস গবেষণা অথবা এক থেকে দুই সেমিস্টার পাঠদানের সুযোগ পাবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
যুক্তরাষ্ট্র দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের গবেষণা বা লেকচারিং অনুদান ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে। কর্মসূচিতে আবেদন করতে পারবেন কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, থিংক ট্যাংকের গবেষক এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা।
দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পরিবেশে পেশাগতভাবে কাজ করতে পারেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে এই অভিজ্ঞতা কাজে লাগানোর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র অধ্যয়ন, নিরাপত্তা অধ্যয়ন, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ, কৃষি, রসায়ন, ভূতত্ত্ব, পদার্থবিজ্ঞান, ফার্মেসি, গণিত, পরিসংখ্যান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটার ও ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, বিভিন্ন প্রকৌশল শাখা, ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্ক, জনপ্রশাসন, অর্থনীতি এবং ইংরেজি ভাষা শিক্ষা (TESOL)সহ বিভিন্ন বিষয়ে গবেষণা ও পাঠদানের সুযোগ থাকবে।
গবেষণা অনুদানের ক্ষেত্রে নির্বাচিত স্কলাররা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গবেষণা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষাসামগ্রী প্রণয়ন এবং শিক্ষক উন্নয়নসংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে পারবেন। অন্যদিকে লেকচারিং গ্রান্টের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে পূর্বানুমোদিত আমন্ত্রণপত্র থাকতে হবে।
যোগ্যতার প্রধান শর্তগুলো হলো:
- পিএইচডি বা সমমানের ডিগ্রি অথবা পেশাগত যোগ্যতা থাকতে হবে।
- কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- শক্তিশালী গবেষণা বা প্রকাশনার রেকর্ড থাকতে হবে।
- ইংরেজি ভাষায় উচ্চ দক্ষতা থাকতে হবে।
- লেকচারিং গ্রান্টের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র থাকতে হবে।
- গবেষণা বা পাঠদানের বিস্তারিত প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে।
- কর্মসূচি শেষে বাংলাদেশে ফিরে আসার অঙ্গীকার থাকতে হবে।
আবেদনের সঙ্গে গবেষণা বা লেকচারিং পরিকল্পনা, জীবনবৃত্তান্ত (সিভি), তিনটি সুপারিশপত্র, নিজ প্রতিষ্ঠানের সমর্থনপত্র এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র জমা দিতে হবে। ছুটির অনুমোদনপত্র বাধ্যতামূলক নয়, তবে থাকলে মূল্যায়নের সময় ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।আগ্রহীরা অনলাইনের মাধ্যমে ৩ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত আবেদন করতে পারবেন।
























